দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন তারা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী শাহরুখ হোসেন একটি ক্রিকেট ম্যাচে ফিল্ডিং করার সময় আহত হন।
সহপাঠীদের সঙ্গে ধাক্কা লেগে তার ঠোঁট কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরতরা প্রাথমিকভাবে টিস্যু ব্যবহার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন সহপাঠীরা।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে সেখানে উপস্থিত হন রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব। এ সময় বাগ্বিতণ্ডা ঘটনাও ঘটে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, একজন আহত শিক্ষার্থীকে যথাযথ প্রাথমিক চিকিৎসা না দিয়ে রামেকে পাঠানো হয়েছে, যা চিকিৎসা ব্যবস্থার অবহেলার প্রমাণ।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আহত শিক্ষার্থীকে দেখা শেষে চিকিৎসকরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠান। ছুটির দিন হওয়ায় রামেকের সেবা সীমিত ছিল, ফলে কিছুটা জটিলতা তৈরি হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
চিকিৎসাকেন্দ্রের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টির সমাধান করা হবে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং চিকিৎসাকেন্দ্রের তালা খুলে দেন।
জে আই